ছয়দিন পেছালো মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের তারিখ

দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের দিন ছয়দিন পিছিয়ে ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে এ অংশের উদ্বোধনের দিন ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন। কিন্তু প্রধানমন্ত্রীর সিডিউল জনিত কারণে ২৯ অক্টোবরের পরিবর্তে ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ফলে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে চড়তে ঢাকাবাসীকে আরও ছয়দিন বাড়তি অপেক্ষা করতে হবে।

শুক্রবার (২০ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করা হয়।

এমআরটি লাইন-৬ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্মসচিব খোন্দকার এহতেশামুল কবীর জাগো নিউজকে বলেন, ২৯ অক্টোবর মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের তারিখ নির্ধারণ করেছিলাম। প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন করবেন। কিন্তু সিডিউলজনিত কারণে আমরা ২৯ অক্টোবরের পরিবর্তে ৪ নভেম্বর উদ্বোধন করবো। এছাড়া আর কোনো কারণ নেই, আমরা পুরোপুরি প্রস্তুত।

ডিএমটিসিএল জানায়, এমআরটি-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের ‘সিস্টেম ইন্টিগ্রেশন’ কাজ সম্পন্ন হয়েছে। যে কারণে তিন দিন উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ ছিল।

মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচলে বেশি দিন বাকি নেই। বাণিজ্যিকভাবে মেট্রোরেল পরিচালনার জন্য এখন চলছে সিমিউলিটর টেস্ট অর্থাৎ কোনো স্টেশনে কতক্ষণ ট্রেন থামবে, ট্রাকের বিভিন্ন বাঁকে কীভাবে ট্রেন নিয়ন্ত্রণ করা যাবে এসব বিষয়ে চূড়ান্ত টেস্ট চলছে। বাণিজ্যিক যাত্রা শুরু হলে কীভাবে তা নিয়ন্ত্রণ করা হবে সে হোমওয়ার্কও চলছে কন্ট্রোল সেন্টারে। কীভাবে সিগন্যাল নিয়ন্ত্রণ করা যাবে, কমিউনিকেশন প্রক্রিয়া, রেলের ট্রাক সব মনিটর করা যাবে এখান থেকে। এমনকি কোনো যাত্রীর কারণে ট্রেনের দরজা বন্ধ করা না গেলে এখান থেকে মনিটর করে ব্যবস্থা নিতে পারবে। বাণিজ্যিকভাবে চলাচলের আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের নিয়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights