রংপুরে জমে উঠতে শুরু করেছে বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে জমে উঠতে শুরু করেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। আয়োজকদের আশা এক মাসে কয়েক কোটি টাকার বেশি কেনা-বেচা হবে এ মেলায়। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নারী-শিশুসহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠতে শুরু করেছে মেলা প্রাঙ্গণ। গত ১৯ অক্টোবর নগরীর ক্রিকেট গার্ডেন মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, নতুন ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে আর্থিক কর্মকাণ্ড বেগবান করতেই এ মেলার উদ্যোগ গ্রহণ করে রংপুর মেট্রোপলিটন চেম্বার। মেলায় কাপড়, প্রসাধনী, আসবাবপত্র, খেলনাসহ বিভিন্ন পণ্যের ১০২টি স্টল রয়েছে। এ ছাড়া ১১টি প্যাভেলিয়ন রয়েছে। শিশুদের বিনোদনের জন্য দৃষ্টিনন্দন ৯টি রাইডের ব্যবস্থা করা হয়েছে।

শনিবার দুপুরে মেলা দেখতে আসা আব্দুল করিমের সাথে কথা হয়। তিনি বলেন, বাচ্চা বিভিন্ন রাইডারে চড়ে খেলা করে প্রচুর আনন্দ পেয়েছে। তিনি মেলায় এসেছেন ছেলের জন্য খেলনা ও সংসারের টুকিটাকি জিনিস ক্রয় করতে। মেলায় আকর্ষণ বৃদ্ধি করেছে কারুপণ্যে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী। এ ছাড়া বেশ কয়েকজন নারী উদ্যোক্তা মেলায় স্টল দিয়েছেন।
মেলার পশ্চিম পাশে মোটরসাইকেলসহ বিভিন্ন বাহন রাখার স্ট্যান্ড করা হয়েছে। এ ছাড়া মেলাকে ঘিরে রাস্তার পাশে অস্থায়ীভাবে গড়ে উঠেছে খাবারের দোকান। দৃষ্টিনন্দন গেট দর্শনার্থীদের আরও আকর্ষণ করেছে। মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ টাকা। প্রবেশ টিকিটের সাথে র‌্যাফেল ড্র’র ব্যবস্থা করা হয়েছে। প্রতি সপ্তাহে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। ড্রতে আর্কষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

মেলার আয়োজক মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন বলেন, মেলায় ব্যবসায়ীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। মেলায় ১০২টি স্টলের মধ্যে হাতেগোনা ২০ থেকে ২৫টি স্টল স্থানীয় ব্যবসায়ীদের। বাকি স্টল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের। মেলায় মটরকার, টিভি, ফ্রিজ, ইলেক্টনিক্স সামগ্রী, কাপড়, প্রসাধনীসহ সব ধরনের পণ্য রয়েছে। তিনি আশা করেন এক মাসে ৫ কোটি টাকার বেশি ব্যবসা করবেন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights