সম্পত্তির লোভে সন্তানদের মামলায় অসহায় বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের ওসমানীনগরে সম্পত্তির লোভে সন্তানদের দায়ের করা একের পর এক মামলায় অসহায় হয়ে পড়েছেন ৮০ বছর বয়সী এক পিতা। বাড়ি ছাড়া করতে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও মামলার আসামি করা হচ্ছে।

শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের এমন অসহায়ত্বের কথা তুলে ধরেন ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত হানিফ উল্ল্যাহর ছেলে মোহাম্মদ আব্দুল হেকিম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজের সহায় সম্পত্তি বিলিয়ে সন্তানদের মানুষ করতে প্রবাসে পাঠান তিনি। কিন্তু সেই সন্তানরা এখন সম্পত্তির লোভে হামলা-মামলা করে তাকে কারাগারে পাঠাতে চায়। প্রাণে বাঁচতে আদালতে মামলা করেও রেহাই পাচ্ছেন না তিনি।
আব্দুল হেকিম বলেন, তার ছেলে আব্দুল গনি, আব্দুল ওয়াহাব, আবুল কালাম এবং সন্তানদের পক্ষ হয়ে তার ভাই সামির উদ্দিন সম্পত্তি দখল করতে উঠেপড়ে লেগেছেন। সম্পত্তি দলিল করে না দেওয়ায় তারা নানাভাবে হুমকি দিতে থাকে। এ ঘটনায় ২০২১ সালের ৮ নভেম্বর তিনি আদালতে মামলা দায়ের করেন। এর পর তার সন্তান ও সহযোগীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা অরাজকতা সৃষ্টি করে ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে।

সংবাদ সম্মেলনে আব্দুল হেকিম আরও বলেন, নিরাপত্তার স্বার্থে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের খবর প্রচার করায় সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে নানা রকম বাজে মন্তব্য করতে শুরু করে তার সন্তানরা। এ ঘটনায় ২০২২ সালের ২৩ আগস্ট সাইবার ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করেন তিনি। পুলিশ মামলাটি তদন্ত করে সত্যতা পাওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে তার সন্তান আব্দুল গনি দেশে এলে মামলা থেকে অব্যাহতি পেতে পুলিশের সামনে ক্ষমা চায়। তাই মামলাটির কার্যক্রম স্থিমিত রাখেন আব্দুল হেকিম। এ সুযোগে তার বিরুদ্ধে ও সাংবাদিকদের জড়িয়ে উল্টো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আব্দুল গনি। বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আরও মামলা করার হুমকি দিচ্ছে তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights