বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে হত্যাযজ্ঞ চালাবে : স্বাস্থ্যমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপি-জামায়াতের কাছে দেশ নিরাপদ নয়। তারা আগামীতে ক্ষমতায় এলে হত্যাযজ্ঞ চালাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যা উন্নীতকরণে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিরোধীরা যারা দেশের উন্নয়ন চায়নি। যারা দেশে অগ্নিসন্ত্রাসী, গ্রেনেড হামলা, লুটপাট করেছে তারা আবারও একই চিন্তা চেতনা নিয়ে রাস্তায় নেমেছে। তাই আমাদের সাবধান হতে হবে। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
মন্ত্রী বলেন, ২৮ অক্টোবর বিএনপি সমাবেশ ঘিরে কোন সহিংসতা করা হলে সরকার ও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিকে বার বার নির্বাচনে আসার জন্য আহ্বান করা হচ্ছে। তাদের কোন কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। তারা জনগণের ক্ষতি করার চেষ্টা করলে আমরা দলীয় ভাবেও প্রস্তুত আছি। আমরা রাজনৈতিকভাবে সবকিছুই মোকাবেলা করব।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানা, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি ও মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দিন হামিদসহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights