উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না : মেয়র আতিক

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘ভবনটিতে এখনো অগ্নি নির্বাপণের কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ভেতরে কেউ আটকে আছেন কি না সে বিষয়ে কিছু বলা যাবে না।’

রাজধানীর মহাখালী খাজা টাওয়ারে লাগা আগুনের বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার রাত ৯টার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, আগুন লাগা ভবনটিতে উদ্ধারকাজ চলমান। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা আশা করছি দ্রুতই উদ্ধার কাজ শেষ হবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য বলা যাবে।

তিনি বলেন, এই ভবনে যতগুলো অফিস রয়েছে তাদের এইচআর ডিপার্টমেন্টকে বলেছি কতজন লোক ছিল, কতজন লোক বের হয়ে এসেছে; এই তথ্যটা নির্ধারণ করার জন্য। কারণ, এটি কোনো কারখানা না, যেখানে অনেক লোক আছে। প্রতিটি অফিসের এইচআর ডিপার্টমেন্টকে বলা হয়েছে, খোঁজখবর নিতে তাদের কতজন লোক অফিস ছিল। দাদের মধ্যে কতজন নেমে এসেছে নাকি সবাই নেমে এসেছে।

ভবনটির ১১ তলায় গ্রামীণফোনের সার্ভিস সেন্টার ছিল জানিয়ে মেয়র আরও বলেন, উদ্ধার কাজ শেষ হলে আমরা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারব।

বিকাল ৫টার দিকে মহাখালীর আমতলী মোড়ের কাছের ১৪ তলাবিশিষ্ট খাজা টাওয়ারে আগুন লাগে। শেষ খবর পর্যন্ত (রাত সাড়ে ৯টা) আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া সাত প্লাটুন আনসার সদস্য ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

ওই ভবন থেকে মোট ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights