নেদারল্যান্ডসের বিপক্ষে চাপে থাকবে বাংলাদেশ: আকরাম খান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করে টাইগাররা। কিন্তু পরের চার ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। টানা চার হারে মানসিকভাবে বিধ্বস্ত টাইগাররা। বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি চাইছেন ক্রিকেটাররা। এ জন্য আজকের ম্যাচে জয় চাই। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে এই ম্যাচ।

তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচকে হালকা করে নেওয়ার কিছু নেই বলেই ভাবছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বরং এই ম্যাচে টাইগাররা চাপে থাকবে বলেই মন্তব্য করেছেন বিসিবি পরিচালক আকরাম খান। তার বিশ্বাস, এই ম্যাচে ডাচদের হারানোর কিছু নেই।

ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে গতকাল বিমান বন্দরে বিসিবি পরিচালক আকরাম খান কথা বলেছেন। এ সময় তিনি বলেন, ‘চাপে অবশ্যই বাংলাদেশ থাকবে। নেদারল্যান্ডসের আসলে হারানোর কিছু নেই। বাংলাদেশ যদি হারে তাহলে এটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে। চাপে থাকবে কিন্তু বাংলাদেশ এর চেয়ে বেশি চাপ নিয়ে খেলে ভালো পারফরম্যান্স করেছে। তাই প্রত্যেককে দায়িত্ব নিতে হবে।’
দলের সবাইকে দায়িত্ব নেয়ার পরামর্শ দিয়ে আকরাম বলেন, ‘শুধু সিনিয়র প্লেয়ারদের ওপর দায়িত্ব দিয়ে দিলে হবে না। সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে খেলেছি এভাবে খেললে ম্যাচ জিততে পারবেন না। ম্যাচ খেলার শারীরিক ভাষা কিন্তু অন্য ধরনের। শুরু থেকেই আপনাকে ইতিবাচক থাকতে হবে এবং ভালো পারফরম্যান্স করতে হবে।’

মূলত বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করতেই আকরামসহ বিসিবির আরও কর্মকর্তারা ভারতে যাচ্ছেন বলে জানালেন আকরাম, ‘এই বাজে অবস্থায় আমরা যাচ্ছি ইনশাল্লাহ ওদের সবার সঙ্গে আমাদের দেখা হবে। দোয়া করছি সেই সঙ্গে আমরা সহযোগিতার চেষ্টা করছি। ভালো সময়ে বাংলাদেশ দলের সঙ্গে ছিলাম। খারাপ সময়েও বাংলাদেশ দলের সঙ্গে থাকব। আমাদের দায়িত্ব যে যেভাবেই হোক ভালো পারফরম্যান্স করার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights