চকরিয়ায় নারীর রহস্যজনক মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আজিম উদ্দিন পাড়ার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মনোয়ারা বেগম ওই এলাকার শাহাবউদ্দিনের স্ত্রী।

স্থানীয় লোকজন জানায়, রাতে ঘরের দরজা খোলা দেখে স্থানীয় লোকজন উঁকি দিয়ে দেখতে পায় ঘরে কোনো সাড়া শব্দ নেই। এক পর্যায়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

ঘরের খাটের উপর ওই নারীর লাশ পড়েছিল। তার পাশে কিছু জমির কাগজপত্রও দেখা যায় বলে পুলিশ জানায়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলেও অনেকে ধারণা করছেন।
জানা যায়, গত ৫ বছর আগে ওই নারীর ছেলে সেলিম উদ্দিন বাড়িসহ ওই জমিটি ক্রয় করেন। বাড়িতে মনোয়ারা বেগম ও তার স্বামী শাহাবউদ্দিন বসবাস করতেন। গত আড়াই মাস আগে স্বামী শাহাবউদ্দিন মারা যান। এরপর থেকে তিনি একাই ওই বাড়িতে থাকতেন। শাহাবউদ্দিনের পূর্ব বাড়ি ছিল ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। মনোয়ারা বেগম শাহাবউদ্দিনের দ্বিতীয় স্ত্রী।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, হত্যার রহস্য উদঘাটনে কক্সবাজার সিআইডি ঘটনাস্থলে এসে হত্যার আলামত সংগ্রহ করেছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights