গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের রাউজান উপজেলায় শয়নকক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার পশ্চিম গুজরা এলাকার মজিদাপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই গৃহবধূর নাম সাদিয়া নাসরিন (২৮)। তিনি ওমান প্রবাসী জিয়াউল হকের স্ত্রী।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন, বাড়ির লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে এখনো পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ২০১৩ সালে রাউজান পৌরসভার মৃত নুরুল আলমের মেয়ে সাদিয়ার সাথে মজিদাপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে ওমান প্রবাসী জিয়াউল হকের বিয়ে হয়। বিয়ের তিন বছর পর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় ৭ বছর বয়সী মেয়েকে ঘুমে রেখে বৈদ্যুতিক পাখায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সাদিয়া। মাকে এই অবস্থায় দেখে মেয়ে তার চাচীকে ডেকে দেখান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সাদিয়ার মা নাছিমা আকতার জানিয়েছেন, কয়েকদিন আগে সাদিয়া বাবার বাড়ি থেকে শশুর বাড়ি যায়। শনিবার রাতে মেয়ে ফোনে তার অসুস্থতার কথা জানালে সেখানে যাওয়ার কথা ছিল। পরে খবর পান, সাদিয়া আত্মহত্যা করেছে। শ্বশুর পক্ষের কারো সাথে মেয়ের সম্পর্ক খারাপ ছিল না বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights