ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য আধুনিক লিফট উদ্বোধন

অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য দু’টি আধুনিক লিফট উদ্বোধন করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের দুটি উন্নতমানের লিফট প্রায় দুই মাসের মত পরীক্ষামূলক ব্যবহারের পর আজ বুধবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে লিফট দু’টির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানটি নির্দেশনায় ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। উক্ত আয়োজনে অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় উপাচার্য শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগকে স্বাগত জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য অবকাঠামোগত উন্নয়ন যেমন জরুরি তেমনি তার সার্বক্ষণিক যত্ন একান্ত প্রয়োজন। এক্ষেত্রে তিনি শিক্ষার্থীদেরও সচেতন ভূমিকা রাখার বিষয়ে জোর দেন। একইসঙ্গে অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানকে শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক লিফটের কাজ দ্রুততম সময়ের মধ্যে সফলতার সাথে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. আখতারুজ্জামান।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, অনুষদের উত্তর পাশের এই আধুনিক লিফট দু’টি কেবল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়েছে। কেননা উক্ত লিফটের ধারণক্ষমতা বেশি হওয়ায় শিক্ষার্থীদের সময়মত পরীক্ষা এবং ক্লাসে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। তিনি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এবং অনুষদের উপস্থিত সকল শিক্ষককে এই আয়োজনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের আধুনিক এই লিফট দুটিকে প্রতিবন্ধী-বান্ধব করার ক্ষেত্রে জোর দেয়া হয়েছে। হুইলচেয়ার যাতায়াতের জন্য পর্যাপ্ত জায়গাসহ এর মৌখিক নির্দেশনা বা ভার্বাল ইনপুট ফিচার দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও সহায়ক। উক্ত লিফট নির্মাণ সংক্রান্ত সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights