ভোগান্তি কাটছে না দিনাজপুরে পৌর নাগরিকদের

দিনাজপুর প্রতিনিধি
সংস্কার ও সংরক্ষণের অভাবে ১৪৫ বছরের প্রাচীন দিনাজপুর পৌরসভা তার অতীত ঐতিহ্য আজ হারাতে বসেছে। দীর্ঘদিন ধরে কোন উন্নয়নমূলক কাজ না হওয়ায় রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দিনাজপুর পৌরসভার ১২২ কিলোমিটার পাকা রাস্তার ৭৫ শতাংশ ভাঙ্গাচোড়া, খানাখন্দ, খোয়া বিছানো অবস্থায় রয়েছে। যদিও ২ বছর আগে সংস্কার কাজ শুরু হলেও ঠিকাদার ইটের খোয়া বিছিয়ে কাজ বন্ধ রেখেছে। এতে পথচারীসহ যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর ভোগান্তি যেন কাটছেই না দিনাজপুর পৌরসভার নাগরিকদের।
দিনাজপুর পৌর এলাকায় মোট রাস্তার দৈর্ঘ্য ১৭৪ দশমিক ৬৭ কিলোমিটার। এরমধ্যে ১২২ কিলোমিটার পাকা আর কাঁচা রাস্তা ৫২ দশমিক ৬৭ কিলোমিটার।

পৌর নাগরিকরা জানায়, শহরে কোনটি পাকা বা কোনটি কাঁচা রাস্তা বোঝার উপায় নাই। ৭৫ শতাংশ সড়ক ভাঙ্গা চোরা, খানাখন্দক, খোয়া বিছানো অবস্থায় রয়েছে। পৌরসভার স্বাভাবিক কাজ ছাড়া তেমন কোন উন্নয়নমূলক কাজ না হওয়ায় রাস্তা, কালভাটের বেহাল দশা। এসব সড়কে পথচারীরা ইজিবাইক, রিক্সায় উঠতে ভয় পান। কারন ঝাকুনি আর ঝাকুনি। আবার প্রতিনিয়ত দুর্ঘটনা আর দুর্ভোগেই চলাচল করতে হচ্ছে পৌর নাগরিকদের। বছরের পর বছর উন্নয়নমূলক কাজ না হওয়ায় মেয়রের অযোগ্যতাকে দায়ী করলেন পৌরবাসী।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ ক্ষোভের সঙ্গে বলেন, দেশের সবচেয়ে দুর্ভোগের শহর দিনাজপুর পৌরসভা। সড়কগুলোর বেহাল অবস্থার কারণে চলাচলও করা কষ্টদায়ক হয়ে পড়েছে।
সাবেক পৌর কাউন্সিলর ফয়সল হাবিব সুমন অভিযোগ করে বলেন, ২ বছর আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও আজ পর্যন্ত শেষ হয়নি। ৭টি সড়ক সংস্কারের নামে ইটের খোয়া বিছিয়ে রাখা হয়েছে। দিনাজপুর শহরের মডার্ন মোড় থেকে ঘাসিপাড়া-বালুয়াডাঙ্গা-পাটুয়াপাড়া-ক্ষেত্রীপাড়া-রামনগর-গোলাপবাগ, মিশনরোড, থানা মোড় হয়ে বড়বন্দর-ছোটগুড়গোলা-বড়গুড়গোলা-রাজাবাটী-মহারাজা স্কুলমোড়, সুইহারী মোড় থেকে কালুরমোড় হয়ে রাজবাটী-ফকিরপাড়া রাস্তা দীর্ঘদিন থেকে সংস্কার হয়নি। মহল্লার অলিগলির রাস্তার অবস্থাও করুণ।
শহরের অটোরিকশা চালক ফারুকসহ অনেকে জানায়, খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই তার অটোরিকশার কোনো না কোনো যন্ত্রাংশের সমস্যা হয়। চলাচলে সময়ও লাগে বেশি।
দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন কবির চৌধুরী শামিম বলেন, এক সময়ের শান্তির শহর দিনাজপুর এখন বসবাসের অযোগ্য। বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে কথা বলা হলেও কোনো সুরাহা হয়নি।
দিনাজপুর নিরাপদ সড়ক চাই সংগঠনের সাধারণ সম্পাদক হারুনর রশিদ জানান, সড়কগুলোর বেহাল অবস্থার কারণে গত ১৪ মাসে ছোট-বড় দেড় শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। অনেকে পঙ্গুও হয়েছে।
এ ব্যাপারে দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম জানান, কিছু কাজ চলমান রয়েছে, নতুন করে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্ব পাওয়া গেছে।
সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল বললেন, যে সব ঠিকাদার কাজ করছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights