চমেক হাসপাতালে কিডনি রোগীর জন্য চালু হল ‘সিএপিডি’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি বিভাগের তত্ত্বাবধানে চট্টগ্রামে প্রথমবারের মত সরকারিভাবে চালু হল কনটিনিউস অ্যাম্বুলেটরি পেরিশনাল ডায়ালাইসিস (সিএপিডি) পদ্ধতি। আজ আনুষ্ঠানিকভাবে এক রোগীকে সেবা দেওয়ার মাধ্যমে কিডনি রোগীদের জন্য এ চিকিৎসা চালু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার প্রমুখ।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, সিএপিডির মাধ্যমে দূর-দূরান্তের রোগীরা নিজেরাই ঘরে বসে ডায়ালাইসিস করতে পারবেন। সিএপিডি রোগীদের সচরাচর হাসপাতালে ভর্তি করা বা ডায়ালাইসিস সেন্টারে আসার প্রয়োজন হয় না। এছাড়াও ডায়ালাইসিস মেশিনজনিত বিভিন্ন ধরনের জটিলতা থেকেও রোগীদের পরিত্রাণ পাবেন। ইতিমধ্যে সারা বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সিএপিডি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। অদূর ভবিষ্যতে চট্টগ্রাম শহর থেকে দূরবর্তী স্থানের রোগীদের মাঝে এই পদ্ধতি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে রোগীদের মাঝে এর আরও বেশি গ্রহণযোগ্যতা তৈরি করবে। প্রথমবারের মত ডায়ালাইসিসের এই পদ্ধতিটির মাধ্যমে চমেক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় আরেকটি নতুন দিগন্তের সূচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights