দুর্নীতির মামলায় মির্জা আব্বাসের পক্ষে সাক্ষী দিলেন দু’জন

অনলাইন ডেস্ক

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে অ্যাডভোকেট এ কে এম শাহজাহান ও এনআরবি ব্যাংকের চার্টার্ড অ্যাকাউন্টেট নুরুল হোসেন খান সাফাই সাক্ষ্য দিয়েছেন।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে তারা জবানবন্দি প্রদান করেন। এরপর দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর তাদের জেরা করেন। আগামি ১২ নভেম্বর সাফাই সাক্ষ্যের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারি জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ৩১ অক্টোবর মামলাটি সাফাই সাক্ষ্যের জন্য ছিল। কিন্তু ওইদিন মির্জা আব্বাস আদালতে হাজির হননি। কোনো সাফাই সাক্ষীও আদালতে উপস্থিত হননি। আদালত জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে শাহজাহানপুর থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিন তাকে আদালতে হাজির করা হয়।
আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপ-পরিচালক মোশফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে দুদকের উপ-পরিচালক খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights