১০-১২ জন জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলছে
অনলাইন ডেস্ক
কাতারের মধ্যস্থতায় গাজায় হামাসের হাতে আটক ১০ থেকে ১৫ জন জিম্মি মুক্তির জন্য আলোচনা চলছে। একটি সূত্র এএফপিকে এই তথ্য জানিয়েছে।
খবর অনুসারে, এক থেকে দুই দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০-১৫ জন জিম্মিকে মুক্ত করতে কাতারিদের মধ্যস্থতায় আলোচনা চলছে। এতে সমন্বয় করছে যুক্তরাষ্ট্র।
আলোচনার বিষয়ে ব্রিফ করা একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সও এ খবর দিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ১২ জন জিম্মি মুক্তির জন্য আলোচনা চলছে। এর বিনিময়ে ৩ দিন মানবিক বিরতি পালন করা হবে। বিবিসির খবরে আরও বলা হয়েছে, ১২ জিম্মির মধ্যে ৬ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।
গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১,৪০০ জন নিহত এবং ২০০ জনেরও বেশি বন্দী হয়। এরপর জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে মধ্যস্থতা আলোচনায় নেতৃত্ব দিয়েছে কাতার।
