কৃষকের জমির শসা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা চান্দিনা উপজেলার ডুমুরিয়া এলাকায় ফসলি মাঠে একজন কৃষকের ৪৮ শতাংশ জমির শসা খেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। কাটা শসা গাছ জড়িয়ে কাঁদছেন কৃষক-কিষাণী। মাচায় শুকিয়ে গেছে তাদের স্বপ্ন। ক্ষতিগ্রস্থ কৃষক তাপস সরকার রবিবার চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সূত্র জানায়, জমিটিতে শসা গাছগুলো ভালোভাবে বেড়ে উঠেছিল। ফুল ও শসা এসেছিল। গাছগুলোকে বাঁশের তৈরি মাচায় উঠিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই জমির সব গাছ উঠিয়ে ফেলে। শনিবার জমিতে গিয়ে ওই অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়ে কৃষক তাপস সরকার ও তার স্ত্রী লিপি রানী সরকার।

ক্ষতিগ্রস্থ কৃষক তাপস সরকার বলেন- ৪৮ শতাংশ জমিতে গরু বিক্রির টাকাসহ সব মিলিয়ে দেড় লাখ টাকা খরচ করে তিনি শসা চাষ করেন। স্ত্রী এবং কলেজ পড়ুয়া ছেলেকে নিয়ে সার্বক্ষণিক দেড় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেন তারা। শুক্রবার রাত ১০টা পর্যন্ত তারা জমিতে পরিচর্যার কাজ করে বাড়িতে যান। পরদিন ভোর ৬টায় জমিতে গিয়ে দেখেন কে বা কারা সব গাছ তুলে ফেলেছে। কথাগুলো বলতে গিয়ে কৃষক ও তার স্ত্রী কেঁদে ফেলেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোরশেদ আলম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং ঘৃণিত কাজ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিরণ রানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তিনি পাবেন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights