দেশে নিজস্ব ব্যবস্থাপনায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার শুরু

অনলাইন ডেস্ক

নিজস্ব সক্ষমতায় উদ্ভাবিত নিকাশ- বিইএফটিএন’র মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ব্যাংকগুলোর তাৎক্ষণিক অর্থ লেনদেন হবে নিজস্ব ব্যবস্থাপনায়।

রবিবার (১২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিইএফটিএন কার্যক্রম পরিচালনা হতো। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সিস্টেমে ফান্ড ট্রান্সফার শুরু হয়েছে।

এতদিন দুটি সেশনে বিইএফটিএন ব্যবহার করে সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা ও পেনশনসহ যাবতীয় সরকারি পেমেন্ট নিষ্পত্তি করা হতো। এখন নিজস্ব সক্ষমতায় উদ্ভাবিত নিকাশ-বিইএফটিএনের মাধ্যমে কার্যক্রম দৈনিক তিনটি সেশনে সেটেলমেন্ট সম্পন্ন হবে।
গত বুধবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের (পিএসডি) এক সার্কুলারে জানানো হয়, রবিবার (১২ নভেম্বর) থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্যক্রম বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) ইএফটি ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সিস্টেমের পরিবর্তে নিকাশ-বিইএফটিএন সফটওয়্যারের মাধ্যমে করা হবে। স্থানীয় মুদ্রায় লেনদেন তিনটি সেশনে পরিচালিত হবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

সেশন-১ পরিচালিত হবে রাত ১২টা থেকে বেলা ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত। সেশন-২ পরিচালিত হবে দুপুর ১২টা থেকে দুপুর ২টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত। আর সেশন-৩ বিকেল ৩টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights