নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

নিখোঁজের ৮ দিন পর সিলেটের জকিগঞ্জে আব্দুল হামিদ (৩১) নামের এক যুবকের গলিত লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম কাজিরপাতন গ্রামের পার্শ্ববর্তী ধান ক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আব্দুল হামিদ উপজেলার চারিগ্রাম কাজিরপাতন গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর আব্দুল হামিদ বাড়ি থেকে মাগরিবের নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় ১৩ নভেম্বর জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। রবিবার ধানক্ষেতে পাওয়া গলিত লাশটি নিখোঁজ আবদুল হামিদের বলে সনাক্ত করেন তার স্বজনরা।

জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, লাশে পচনধরায় শরীরের কোথাও আঘাত শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ শনাক্ত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights