হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি:

পাবনা ঈশ্বরদী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনার বিশেষ জজ আদালতের (জেলা জজ) বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ঈশ্বরদী উপজেলার বাবুলচারা গ্রামের ইউসুফ আলী শাহর ছেলে জিয়া শাহ ও মজিবর শাহ, মৃত গেদু শাহের ছেলে শাহজাহান শাহ, মৃত তফু শাহের ছেলে আতু শাহ, পরশ উল্লাহ শাহের ছেলে সেন্টু শাহ ও মৃত গফুর শাহের ছেলে ইয়ারুল শাহ। আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক জানান, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর কৃষি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ক্ষেতের মধ্যেই বাবুলচারা গ্রামের সিদ্দিকুর রহমান শাহের ছেলে সিকান্দার শাহকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই জিন্নাত শাহ একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১১ সালের ৪ জানুয়ারি চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর দীর্ঘ শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক এবং আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাজী সাইদুর রহমান। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন দাবি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights