৫০ বছরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরই মধ্যে ৪৮ দিন অতিবাহিত এই যুদ্ধের। ৪৯তম দিনে এসে যুদ্ধবিরতি শুরু হয়েছে। আগামী চারদিন এই যুদ্ধবিরতি চলবে।

এদিকে, যুদ্ধ পরিচালনায় এরই মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে ইসরায়েল। আগামী দিনে এ খরচ আরো বাড়বে বলে জানিয়েছে একটি বেসরকারি আর্থিক পরামর্শক সংস্থা। অনুমানিক হিসেবে চলতি বছর ও আগামী বছরে ইসরায়েলের আনুমানিক যুদ্ধব্যয় হচ্ছে চার হাজার ৮০০ কোটি ডলার।

হিসাব-নিকাশ করে বলা হচ্ছে, ইসরায়েলের এ যুদ্ধ হতে পারে অর্ধ শতকের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ। যার কারণে ঋণে জড়াতেও পারে তেল আবিব।
ইসরায়েলের সংস্থা লিডার ক্যাপিটাল মার্কেটের তথ্যানুসারে, এই ব্যয়ের দুই-তৃতীয়াংশ বহন করবে তেল আবিব। যুক্তরাষ্ট্রের সহায়তা তহবিল থেকে আসবে বাকি অংশ।

এর আগে ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিষদের এক ঘোষণায় জানানো হয়, এবারের যুদ্ধে খরচ হবে পাঁচ হাজার ৪০০ কোটি ডলার। তবে সাম্প্রতিক এ হিসাব সে তুলনায় অনেকটাই কম।

গত অক্টোবরে অর্থমন্ত্রণালয় জানিয়েছিল, গাজায় প্রতিদিনের হামলায় ইসরায়েলের ব্যয় হচ্ছে ২৭ কোটি ডলার। আরো বলেছিল, যুদ্ধের সমাপ্তি মানেই ক্ষতির সমাপ্তি নয়।

লিডার ক্যাপিটাল মার্কেটের এসব তথ্য বিশ্লেষণ করে ব্লুমবার্গ বলছে, সম্ভবত ইসরায়েল অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে। সংস্থাটি যে পরিসংখ্যান উত্থাপন করেছে তাতে দেশটির অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বৈদেশিক ঋণের দারস্থ হতে হবে।

গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ এর বেশি মানুষ নিহত হয়। এরপর সর্বাত্মক হামলায় গাজায় ১৪ হাজার ৮০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights