প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল, একতরফা নির্বাচনের চক্রান্ত বন্ধ, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বরিশালে নগরীতে বিক্ষোভ সমাবেশ এবং কালো পতাকা মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সংগঠনের বরিশাল জেলা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটির আহবায়ক অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, উপাধাক্ষ হারুন অর রশিদ ও জাফর তালুকদার।

বক্তারা বলেন, এই সরকারের পাতানো একতরফা নির্বাচন দেশবাসী মানে না, আমরাও মানি না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে একটি অবাধ-সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহবান জানান তারা।
এর আগে নগরীর ফকির বাড়ি রোডের দলীয় কার্যলয় চত্বর থেকে একটি কালো পতাকার মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights