উত্তরবঙ্গ গরু মেলায় ১৪ কোটি টাকার বেচা-কেনা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় দুই দিনব্যাপী বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলায় ১৪ কোটি টাকার গরু বিক্রি হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা খামারিরা মেলা থেকে পছন্দমত গরু ক্রয় করেছেন। এ মেলার মাধ্যমে সম্পর্ক দৃঢ় হওয়ার পাশাপাশি খামারিরা লাভবান হয়েছেন।

বগুড়া ভান্ডার এ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব জানান, ২১৬টি স্টলে সারে চার শতাধিক গরু মেলায় প্রদর্শনী ও বিক্রির জন্য আনা হয়েছিল। গত শুক্রবার ও শনিবার মেলার দুই দিনে খামারিরা মোট ১৪ কোটি টাকার গরু বিক্রি করেছেন। এটা এ মেলার সবচেয়ে বড় সাফল্য। আমরা আশাবাদী আগামীতেও এমন মেলার আয়োজন করা হবে। শনিবার সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

এর আগে গত শুক্রবার সকালে টিএমএসএস বিনোদন পার্কে দুই দিনব্যাপী বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলা শুরু হয়। এতে উত্তরবঙ্গের ১৬টি জেলার খামারীরা বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া দুম্বা, শখের বিভিন্ন পোষা প্রাণী নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। মেলার ২য় দিন শনিবার সকালে খামারিদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। বিকালে আবারও শুরু হয় গরুর র‌্যাম্প শো। র‌্যাম্পে গান এবং বিভিন্ন লাইটের আলোর মধ্যে গরুকে হাঁটানো হয়। হাটার সময় সাথে থাকা গরুর মালিকেরা তাদের গরুর জাত, বয়স এবং দাম সবাইকে জানিয়ে দেন। রাতে বিভিন্ন ক্যাটাগড়িতে ৭৫জন খামারীকে পুরস্কার প্রদান করা হয়।
টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসেন আরা বেগম জানান, গরু ব্যবসায়ীরা প্রতি বছরই যদি টিএমএসএস বিনোদন পার্কে গরুর মেলার আয়োজন করতে চান তাহলে টিএমএসএস এর পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights