বোয়ালমারীতে ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রুবেল মোল্লা (৩১) নামে এক মাদক কারবারির বাড়ি থেকে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় তার বাড়ি থেকে এক গ্রাম কোকেন, ১২০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের ৬ লাখ ৬৮ হাজার ২০০ টাকা উদ্ধার করে তা জব্দ করা হয়। তবে এসময় রুবেল মোল্লাকে বাড়িতে পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার রাত ৮টার দিকে বোয়ালমারীর শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে রুবেলের বসতবাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রুবেল একই গ্রামের সোহরাব মোল্লার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, অভিযানকালে পালিয়ে যাওয়া রুবেল মোল্লা আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলমান। পাশাপাশি তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights