ফুলবাড়ীতে কলাগাছ কেটে বাগান বিনষ্টের অভিযোগ
ফু্লবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক কৃষকের কলা বাগানের তিনশত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ঐ কৃষক। গত রোববার ভোরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের উত্তর শিমুলবাড়ী এলাকার এক কৃষকের কলা বাগানের সব গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে।
অভিযোগে জানা যায়, বাড়ির অদূরে ১ বিঘা জমিতে বাণিজ্যিক ভাবে প্রায় তিন শতাধিক কলাগাছ রোপণ করেছিলেন। পূর্ব শত্রুতার জেরে বাগানের সব কলা গাছ গুলো কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষ আইদুল ইসলাম।
ভুক্তভোগী কৃষক হাফিজুর রহমান লাবু জানান, ২০০৯ সালে ইয়াদ আলীর স্ত্রী আইতন বেগমের কাছ থেকে জমিটি ক্রয় করেছি। সেই থেকে বিভিন্ন ফসল চাষাবাদও করে আসছি। গত বছর বাণিজ্যিকভাবে ওই জমিতে তিন শতাধিক কলা গাছ রোপন করেছি। গত রোববার ভোরবেলা হঠাৎ পতিপক্ষ আইদুল ইসলাম তার স্ত্রীসহ জমিতে এসে সবগুলো কলাগাছ কেটে সাবার করে ওই জমির মালিকানা দাবী করেন। যেটা সম্পুর্নভাবে অযৌক্তিক। কলাগাছর ব্যাপারে ঘটনার দিনই থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
প্রতিপক্ষ আইদুল ইসলামের সাথে কথা বলতে গেলে তাকে পাওয়া না গেলেও তার স্ত্রী কলা গাছ কাটার কথা স্বীকার করে ওই জমির মালিকানা দাবী করেছেন।
ফুলবাড়ী থানার এস আই সাইদুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, সরেজমিন তদন্ত করে আদালতে প্রসিকিউশন পাঠানো হয়েছে।
