জামালপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

জামালপুর প্রতিনিধি
জামালপুরে বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন। নিহতরা হলেন- সবজি ব্যবসায়ী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক (৫০)। নিহত আরেকজন হলেন পিকআপ ভ্যানের চালক মো: সোজা মিয়া (৪০)।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা এলাকায় ঢাকাগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় জামালপুরগামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা দুই সবজি ব্যবসায়ী আনোয়ার হোসেন এবং শামসুল হকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ ভ্যানের চালক সোজা মিয়ার মৃত্যু হয়। এছাড়াও সংঘর্ষের ঘটনায় সিএনজি অটোরিকশার যাত্রীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে জামালপুর ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights