দৌলতপুরে নিখোঁজ কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যান চালাতে বের হয়ে নিখোঁজ থাকা স্কুলছাত্র কিশোর শাহিন আলীর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আদাবাড়িয়ায় নির্জন মেহগনি বাগানে রবিবার সকাল ১০ টার দিকে পাওয়া যায় তার অর্ধগলিত মরদেহ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহত শাহিন আলী আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সানের আলীর ছেলে। সে তেকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
বাবা বিদেশে আর মা থাকে নানাবাড়িতে। দাদার ভ্যান নিয়ে মাঝেমধ্যে চালাতো সে। ১১ ডিসেম্বর চারটার দিকে একইভাবে দাদার ব্যাটারি চালিত পাখি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন দৌলতপুর থানায় একটি জিডি করে তার পরিবার। ছয়দিন পরে এলাকার মাঠের মধ্যে মেহেগুনি বাগানে তার অর্ধগলিত মরদেহ পাওয়া গেল। সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কয়েকজন কৃষক মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ওসি জানান, মরদেহের বুক ও মুখ বিকৃত হয়ে গেছে। তবে, পরনের জামা-কাপড় দেখে শাহিনের মরদেহ বলে নিশ্চিত করেছে পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাই করে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ভ্যানটি আজও উদ্ধার করা যায়নি বলে জানান তিনি।
