ভাইকে কিডনি দেয়ায় স্ত্রীকে তালাক দিলেন প্রবাসী স্বামী

অনলাইন ডেস্ক

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। সেখানে নিজের অসুস্থ ভাইকে বাঁচাতে কিডনি দান করেন এক নারী। আর এই মহৎ কাজের কথা জানতে পেরে ওই নারীকে তালাক দিয়েছেন তার প্রবাসী স্বামী। সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে তালাক দেন সৌদি প্রবাসী স্বামী। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ ভাইকে বাঁচাতে একটি কিডনি দান করার পরে স্ত্রীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন তালাক দেন ওই ব্যক্তি। তিনি সৌদি আরবে কাজ করেন এবং তার স্ত্রী উত্তরপ্রদেশের বাইরিয়াহি গ্রামে বাস করেন। ভুক্তভোগী ওই স্ত্রী তার একটি কিডনি দান করে ভাইকে বাঁচানোর সিদ্ধান্ত নেওয়ার পর ঘটনাটি প্রকাশ পায়। অসুস্থ ভাইকে বাঁচাতে তার এই মহৎ কাজটি যে তার সংসার ভাঙার কারণ হয়ে ওঠবে, এমনটি ওই নারী ভাবতেও পারেননি।

প্রতিবেদনে বলা হয়, ভাইকে কিডনি দেয়ার বিষয়টি মোবাইলে বার্তা পাঠিয়ে জানানোর পরপরই ওই স্বামী তাকে তিন তালাক দেন। তবে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। মূলত ২০১৯ সালে ভারতে তিন তালাক প্রথাকে বেআইনি এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights