কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না, বিসিবিকে জানিয়েছেন তামিম

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে নিজের নাম বাদ দিতে বোর্ডকে অনুরোধ করেছেন ওপেনার তামিম ইকবাল। তার এমন অনুরোধ মূলত আন্তর্জাতিক অঙ্গন থেকে তামিমের অবসর নেওয়ার গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, একদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম।

তারপরও বিশ্বকাপসহ বাংলাদেশের বেশিরভাগ সিরিজে অংশ নেননি তামিম।
আজ বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘তিনি বলেন, তার নিজের পরিকল্পনা আছে এবং কেন্দ্রীয় চুক্তির তালিকায় তাকে না রাখার জন্য আমাদের অনুরোধ করেছেন।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যত নির্ধারণে জাতীয় নির্বাচনের পর বিসিবি সভাপতির সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

পারিপার্শিক অবস্থার কারণে তামিম বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওর মাধ্যমে জানানোর পর বিতর্ক শুরু হয়।

পারিপার্শিক বিষয়ে পরিস্কার কিছু না বললেও, তামিমের ভিডিও পোস্টের কয়েক ঘণ্টা পর একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ড্যাশিং ওপেনারকে নিয়ে কটাক্ষ করেন অধিনায়ক সাকিব আল হাসান।

সম্প্রতি বিশ্বকাপের পর প্রথমবারের মতো বিসিবি সভাপতির সঙ্গে দেখা করেন তামিম। পরে পাপন জানান, দলের অনেক অভ্যন্তরীণ বিষয় জানানোর জন্য তার সঙ্গে দেখা করেছিলেন তামিম। যেসব বিষয় জানতেন না বিসিবি সভাপতি। সবার সঙ্গে কথা বলার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বিসিবি প্রধান।

৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করবে বোর্ড। এরপর সেটি অনুমোদনের জন্য বিসিবি সভাপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ইউনুস।

তিনি বলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করা হবে। এরপর সভাপতি সেটি দেখবেন। তামিমের জন্য আমরা অপেক্ষা করবো, যেহেতু তার নিজের পরিকল্পনা আছে। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনার তার সিদ্ধান্ত সর্ম্পকে আমাদের জানাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights