নাটোরে প্রতারণার অভিযােগে যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় ইমো আইডি হ্যাক করে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় মোঃ ফাহিম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফাহিম জেলার লালপুর উপজেলার চামটিয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। অন্যদিকে ভুক্তভোগী কামরুল হাসান (৩৫) জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পঞ্চনন্দপুর গ্রামের মৃত আব্দুল কাদের আলীর ছেলে। শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরো জানান, জবেদ আলী নামে একটি ইমো আইডি থেকে জরুরি প্রয়োজনের কথা বলে কামরুল হাসানের আইডিতে বিভিন্ন সময় টাকা চায়। ভাল বন্ধু হওয়ায় কামরুল হাসান বন্ধু জবেদ আলীকে উক্ত টাকা সরল বিশ্বাসে বিকাশের মাধ্যমে প্রদান করেন। এক পর্যায়ে সন্দেহ হলে কামরুল হাসান বন্ধু জবেদ আলীর সাথে যোগাযোগ করে জানতে পারেন, ইমো হ্যাকার দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। পরে তিনি বাদী হয়ে লালপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ লালপুর উপজেলার চামটিয়া এলাকায় অভিযান চালিয়ে ফাহিমকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights