শিক্ষার্থীদের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। নতুন বছরের প্রথম প্রহরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪টি হল পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় নতুন বছর উপলক্ষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কাটেন এবং তাদেরকে মিষ্টিমুখ করান। বছরের প্রথম প্রহরে ভারপ্রাপ্ত উপাচার্যকে পাশে পেয়ে হলগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি ও বিশ্ববিদ্যালয়ের প্রাণ। শিক্ষার্থীদের হাত ধরেই বরিশাল বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে যাবে। এই শিক্ষার্থীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে। তিনি শিক্ষার্থীদের সু-স্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রভোস্টবৃন্দ, আবাসিক শিক্ষক এবং সহকারী আবাসিক শিক্ষকরা ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন।
