‘জনগণ ৭ জানুয়ারি সব অপতৎপরতার জবাব দেবে’
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘বিএনপি জনরায় ভয় পায়। তাই তারা নির্বাচনে না এসে মানুষ পোড়ানোর ঘৃণ্য রাজনীতি করছে, তারা গণতান্ত্রিক নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের সব অপতৎপরতার উপযুক্ত জবাব ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে দেবে জনগণ।’
আজ সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
ইমরান আহমদ আরও বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য হলো- আওয়ামী লীগ জনগণের কল্যাণের রাজনীতি করে। আর বিএনপি আগুন সন্ত্রাস ও মানুষ হত্যার রাজনীতি করে। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী আর বিএনপি লুটপাট ও দুর্নীতি করে দেশকে ধ্বংস করতে পারদর্শী। তাই, জনগণ আবারও শেখ হাসিনার পক্ষে রায় দেবে।’
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলামের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জেলা আওয়ামী সদস্য বীরমুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া প্রমুখ।
