পাঁচ নির্বাচনি আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা

প্রতিদিন ডেস্ক

দেশের তিন জেলার পাঁচ নির্বাচনি আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। নির্বাচন কমিশনের একপেশে আচরণ, ক্ষমতাসীনদের পেশিশক্তির ব্যবহার এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। গতকাল সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর সরকারি বরিশাল কলেজ রোডের রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির এক কর্মিসভা শেষে এ ঘোষণা দেন ওই তিনটি আসনের প্রার্থীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৮৭টি আসনে প্রার্থী দেয় জাতীয় পার্টি। এর মধ্যে বরিশাল জেলার ছয়টি আসনেই প্রার্থী রয়েছে তাদের। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) এবং বরিশাল-৫ (সদর) দুটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পান দলের চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বরিশালে গতকাল জাতীয় পার্টির কর্মিসভা শেষে বরিশাল-২ ও বরিশাল-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার দাবি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। নির্বাচন কমিশন সরকারের পক্ষপাতদুষ্ট। এ নির্বাচন ভাগাভাগি ও প্রহসনের নির্বাচনের দিকে যাচ্ছে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, সাক্ষী হিসেবে থাকতে চান তিনি। তাই বরিশাল-২ ও বরিশাল-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস।

একই কারণে বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুর রহমান। তিনি বলেন, তার ভালো লাগেনি, তাই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। যারা প্রতিদ্বন্দ্বিতায় আছে তারা দেখুক ৭ জানুয়ারির নির্বাচন কতটা সুষ্ঠু হয়।

গাজীপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের দুটি আসন থেকে জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ব্যক্তিগত কারণ এবং সামগ্রিক রাজনৈতিক কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এম এম নিয়াজ উদ্দিন সাবেক সচিব ও মহানগর জাতীয় পার্টির সভাপতি। তিনি গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসন ও গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সিটির একাংশ) আসন থেকে লাঙল প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন। মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপির কারণে রিটার্নিং কর্মকর্তা গাজীপুর-১ আসনে তার মনোনয়নপত্র বাতিল করে দেন। তবে গাজীপুর-৫ আসনে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে আপিল করে গাজীপুর-১ আসনের মনোনয়ন বৈধতা পান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights