টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে নতুন বই বিতরণ উৎসব
অনলাইন ডেস্ক
টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুশি। টাঙ্গাইল জেলা পরিষদ সংলগ্ন বস্তি এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়।
বই বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. রাশেদ খান মেনন (রাসেল), স্কুলের শিক্ষকরাসহ শিশু শিক্ষার্থীরা।
অতিথিরা বলেন, আসুন সবাই মিলে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করি। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।
টাঙ্গাইলে ফ্রেন্ডশিপ স্কুলটি ২০১২ সালে শুরু হয়েছিল মাত্র ২৯ জন শিশু নিয়ে। এখন টাঙ্গাইলের ফ্রেন্ডশিপ স্কুলে প্রায় দুইশত সুবিধাবঞ্চিত হতদরিদ্র, পথ শিশু বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে।
অতিথিরা আরও বলেন, প্রত্যেকেই নিজ নিজ সাধ্য অনুযায়ী এই ধরনের মহৎ উদ্যোগের সহযোগী হতে পারেন। যদি সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করতে চান, তাহলে এগিয়ে আসুন। যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যাণে কাজ করি, তবেই বাংলাদেশ সুখী সমৃদ্ধ দেশে পরিণত হবে।
