কক্সবাজারের রামুতে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই : গ্রেফতার ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে ছোট ভাই হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছোট ভাই পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল ৯ টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু তাহের এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত আয়ুব আলী (২৫) ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। অভিযুক্ত তার আপন ছোট ভাই মো. ইয়াছিন। তারা দুইজনই পেশায় পশু চিকিৎসক।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, শুক্রবার সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই খুন হয়েছে বলে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনায় জড়িত ছোট ভাই মো. ইয়াছিনের স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে। ইয়াছিনকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. আব্দুল্লাহ বিদ্যুৎ জানান, নিহত আয়ুব আলীর সাথে তার আপন ছোট ভাই মো. ইয়াছিনসহ তার মায়ের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ছোট ভাই ইয়াছিন ও তার মা নিহত আয়ুব আলীর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছিলেন। এর জেরে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights