খুলনা বিভাগে প্রস্তুত হচ্ছে ৪৯৮৪টি ভোটকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা জেলার ৩৬টি সংসদীয় আসনে সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোট আয়োজনের শেষ ব্যস্ততা চলছে। শনিবার সকাল থেকে বিভাগের চার হাজার ৯৮৪টি ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ১০ জেলায় এবার ভোটারের সংখ্যা এক কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৭৮৩ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৭ লাখ ৪৬ হাজার ৪৯১ জন ও নারী ভোটারের সংখ্যা ৬৭ লাখ ২০৫ জন।

ভোটকেন্দ্র ঘিরে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনের পূর্বে ও পরবর্তীতে খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবে ৩ হাজার পুলিশ সদস্য। এ ছাড়া ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র পুলিশ, আনসারের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব মোতায়েন থাকবে। সকল সংস্থার সাথে সমন্বয়ে নিরাপত্তার চাদরে উৎসবমুখর ভোট আয়োজনের কথা বলছেন নির্বাচন কর্মকর্তারা।
শনিবার সংবাদ সম্মেলনে খুলনা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, এরই মধ্যে নির্বাচনের দাপ্তরিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

খুলনা বিভাগে ৩৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৩৬ জন। বিভাগের ১০ জেলার ১০ জন রিটার্নিং অফিসার, ৭১ জন সহকারী রিটার্নিং অফিসার, চার হাজার ৯৮৪ জন প্রিজাইডিং অফিসার, ৩০ হাজার ২৫৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬০ হাজার ৫০৬ জন পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights