সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছে কলেজ ছাত্র, প্রতিষ্ঠানকে শোকজ

নেত্রকোনা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে কলেজ শিক্ষার্থীকে প্রভাষক হিসেবে সহাকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়ায় কলেজ কর্তৃপক্ষকে শোকজ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৭ জানুয়ারির ভোটে সংসদীয় আসন নেত্রকোনা-১ আসনের ১১১ নং ভোট কেন্দ্র কলমাকান্দা উপজেলায় পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. নাইম মিয়া। তিনি আবু তাহের খান কলেজের প্রভাষক পরিচয়ে এই দায়িত্ব পালন করেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, প্রভাষক পরিচয়ে সহকারী প্রিসাইডিংপদে দায়িত্ব পালন করা মো. নাইম মিয়া বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ধলপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। কলমাকান্দার দক্ষিণ কান্দাপাড়া গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনার পাশাপাশি অধ্যাপক আবু তাহের খান কলেজে তথ্য ও প্রযুক্তি বিষয়ে ক্লাস নিয়ে থাকেন।
এ ব্যাপারে ৭৫৬০ নং কোডধারী কলমাকান্দার কৈলাটী ইউনিয়নের বেলতলী গ্রামে অবস্থিত অধ্যাপক আবু তাহের খান কলেজের অধ্যক্ষ একেএম আব্দুল হামিদের বক্তব্য জানতে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।

অভিযোগের বিষয়ে নাইম মিয়াকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।

এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সকল প্রতিষ্ঠানের প্রধানরা তালিকা দেন সেই অনুযায়ী আমরা ২ জানুয়ারি জেলা প্রশাসক স্যারের স্বাক্ষরের পর ৩ জানুয়ারি নিয়োগপত্র দিয়ে দেই। এরপরও কয়েকদিন সময় ছিল কেউ অভিযোগ দিলে বা জানালে আগেই ব্যবস্থা নেওয়ার। কিন্তু কেউ জানায়নি। তিনি আরও জানান, প্রিন্সিপালকে আমরা শোকজ নোটিশ দিয়েছি। এর জবাব দিলে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠান প্রধানের এমন কাজ ঠিক হয়নি বলেও তিনি জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তালিকা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। যদি সত্যতা থাকে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights