ডামি নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি: নুর

অনলাইন ডেস্ক

অনতিবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘পশ্চিমারা নির্বাচনের আগে যেভাবে অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে, নির্বাচনের পরও নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি- স্পষ্টভাবে সে কথা বলছে। এ নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি।’

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিজয় নগরে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গণমিছিল বের করা হয়। গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘বিভিন্ন বুদ্ধিজীবী, আন্তর্জাতিক সংগঠন যে বক্তব্য-বিবৃতি দিচ্ছে তাতেও তারা বলছে ৫ থেকে ৭ শতাংশের বেশি ভোট পড়ে নাই। তার মানে ৯৩ থেকে ৯৫ শতাংশ মানুষ এই সরকারকে সমর্থন করছে না, তারা সরকারের বিরুদ্ধে। প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান ও ভুয়া ভোট বর্জন করায় আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’
তিনি বলেন, ‘সরকারকে বলতে চাই, আপনারা কতটা জনবিচ্ছিন্ন আপনারা নিজেরাও জানেন। অনতিবিলম্বে এই ডামি পার্লামেন্ট ভেঙে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দিন। আপনাদেরকে জনগণ সংসদে বসতে দেবে না।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘রাষ্ট্রের ২ হাজার কোটি টাকা খরচ করে স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচনি উৎসব করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা প্রহসনে পরিণত হয়েছে। জনগণ আপনাদের এই সাজানো নির্বাচন বয়কট করেছে। বিদেশিরাও স্পষ্ট বলছে হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে, জেলে ভরে সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করা হয়েছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম গড়ে তুলতে হবে। এ সংগ্রাম আমরাই জয়ী হবো।’

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সংসদ গঠিত হয়েছে। তাড়াহুড়ো করে ডামি এমপি-মন্ত্রীরা ডামি শপথ নিলেন। কিন্তু এভাবে ক্ষমতার গদি টেকানো যাবে না। এই যে এখানে রিকশাচালকরা আছেন, আমাদের বক্তব্য শুনছেন, স্লোগান দিচ্ছেন। তারাও ভোট দিতে যাননি। তাহলে ভোট দিলো কারা?’

সমাবেশ সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল। এতে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights