ইয়েমেনে ‘দায়িত্বজ্ঞানহীন’ হামলা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা তৈরি করবে : রাশিয়া

অনলাইন ডেস্ক
লোহিত সাগরে অবস্থানরত যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

গত বৃহস্পতিবার হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত ৩০টি অঞ্চলে প্রতিরোধ মূলক হামলার পর শুক্রবারও হামলা চালিয়েছে দেশ ‍দু’টি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ লোহিত সাগরে গঠিত জোটগুলোর এ হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘দুঃসাহসিক কাজ’ বলে মন্তব্য করেছে রাশিয়া।

শুক্রবার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মুখপাত্র মারিয়া জাখারোভা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া ইয়েমেনে সামরিক হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের নিন্দা করেছে। মস্কো বলেছে এটি একটি দায়িত্বজ্ঞানহীন দুঃসাহসিক কাজ, যা সমগ্র মধ্যপ্রাচ্যজুড়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জানান, ‘আমরা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের এই দায়িত্বহীন পদক্ষেপকে কঠোর নিন্দা জানাচ্ছি। ইয়েমেনে শান্তি স্থাপনের জন্য গত কয়েক বছর ধরে চেষ্টা চালানো হচ্ছে। লোহিত সাগর অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি পেলে তা মুখ থুবড়ে পড়বে। এ ধরনের হামলা গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত-সহিংসতা উস্কে দিতে পারে।’

গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা।

সূত্র : রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights