নতুন তিন বিভাগ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের যাত্রা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন তিন বিভাগ নিয়ে আনুষ্ঠানিকভাবে চারুকলা অনুষদের যাত্রা শুরু হয়েছে। ইতোমধ্যেই অনুষদটির একাডেমিক ভাবে সকল বিষয় প্রস্তুত করা হয়েছে।

গত ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে চারুকলা অনুষদের ডীন ও তিন বিভাগের চেয়ারম্যান নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করা হয়।

অনুষদটির ডীন ও ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোহা. আলপ্তগীন, প্রিন্টমেকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. বজলুর রশীদ খান এবং ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে সহকারী অধ্যাপক ইমাম হোসেন নিযুক্ত হয়েছেন।
জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই চারুকলা অনুষদের তিনটি বিভাগে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। বিভাগগুলোর একাডেমিক কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি বিভাগে ২০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আসন সংখ্যার বিষয়টি একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত হবে।

বিশ্ববিদ্যালয়ের ইউটিলিটি ভবনেই নতুন বিভাগগুলোর শ্রেণীকক্ষ সহ একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন আলপ্তগীন। তিনি বলেন, ধীরে ধীরে অনুষদটিতে বিভাগের সংখ্যা বাড়ানো হবে।

ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমাম হোসেন বলেন, শিক্ষার্থীবান্ধব বিভাগ তৈরী করতে চাই। শিক্ষার্থীদের বাহ্যিক জ্ঞানের সাথে দক্ষ করে তোলাই হলো আমাদের মূল উদ্দেশ্য।

প্রিন্টমেকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী করে তোলা আমাদের প্রধান লক্ষ্য থাকবে। পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের মাধ্যমকে আধুনিকায়নের চেষ্টা থাকবে।

চারুকলা অনুষদের ডীন ও ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, চারুকলা হচ্ছে অলংকারস্বরূপ। এটি মননশীলতা ও নান্দনিকতার বহিঃপ্রকাশ। সকল সংকট উত্তরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের দক্ষতা-মেধা বিকাশে আমরা সচেষ্ট থাকব। আমরা চাই সারা বাংলাদেশে আমাদের শিক্ষার্থীরা নিজেদের ছাড়িয়ে যাবে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগকে অনুষদ ঘোষণা করে এর অধীনে তিনটি নতুন বিভাগ খোলার অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট সাতটি অনুষদ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights