৮ বছর পর র্যাবের জালে জোড়া খুনের ফাঁসির আসামি
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে জোড়া খুনের ৮ বছর পর ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত এক আসামি ধরা পড়েছে র্যাবের জালে। দীর্ঘদিন ধরে শিপন আহমদ নামে ওই ঘাতক নানা ছদ্মবেশে গা ঢাকা দিয়ে ছিল। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার শিপন আহমদকে দক্ষিণ সুরমার কায়েস্থরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
শিপন আহমদ সিলেট নগরীর সুবিদবাজার এলাকার মানিক মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, ২০১৬ সালের ৮ জানুয়ারি সন্ধ্যায় খাদিমনগর বিসিক শিল্পনগরীস্থ একটি কোম্পানির কর্মচারী মো. রাজু আহমদ ও এস এম তাপু মিয়া খুন হন। এ ঘটনায় রাজুর বড় ভাই বাদী হয়ে শাহপরাণ থানায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ২০২৩ সালের ১৫ অক্টোবর ওই মামলায় আদালত শিপন আহমদসহ ৩ আসামিকে মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে শিপন পলাতক ছিল।
