রাজধানীতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
ঢামেক প্রতিনিধি
রাজধানীর বাড্ডায় জাপান প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে জান্নাতুল ইসলাম (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত জান্নাতুল ইসলামের বাবা মো. কাউসার বলেন, আড়াই বছর আগে প্রেম করে সাইফ আহমেদ ফজলের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তার স্বামী জাপানে রয়েছেন। গতকাল শনিবার রাতে মোবাইল ফোনে তার স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। তার স্বামী তাকে বলে, তুই মরে যা। সকালে পুনরায় ফোন দিলেও তার স্বামী আর ফোন ধরেননি। এ সমস্ত কারণে সে আজ সকালে সবার অগোচরে তার রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানিয়েছি।
