গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৪ দোকান

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার ভোর রাতে মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু জানান, ভোর রাতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ওই বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন ছড়িয়ে পড়লে ওই বাজারের নিরঞ্জন মল্লিকের ওষুধের দোকান, এনায়েত হোসেনের ওষুধের দোকান, লাবু মোল্যার মুদি দোকান এবং স্বপন সরকারের সেলুনের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানদার নিরঞ্জন মল্লিক বলেন, রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। এরপর গভীর রাতে শুনি আমার দোকানে আগুন লেগেছে। দোকানে আসতে আসতে সব শেষ। দোকান থেকে ১ টাকার মালও বের করতে পারিনি।

ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার লাবু মোল্যা বলেন, এ আগুনে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি সরকারের কাছে সাহায্যের অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights