নবজাতকের লাশ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের জলপাইতলা বাজারের পাশে পাথর দ্বারা ব্রীজের নিচে আবর্জনার স্তূপ থেকে অজ্ঞাত এক নবজাতক ছেলে শিশুর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। কাপাসিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সেতুটির নিচে কৃষি জমিতে কাজ করতে গিয়ে স্থানীয়রা শিয়াল অথবা কুকুরে কামড়ানো ক্ষত বিক্ষত এক নবজাতকের লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা, ভূমিষ্ঠ হওয়ার পরেই শিশুটিকে হত্যা করে কেউ ওই এলাকায় ফেলে দিয়ে গেছে।
কাপাসিয়া থানার এস আই মো: রাশেদ মিয়া জানায়, সকাল ১০টার দিকে সময় খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা বলা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
