মিষ্টি-ফুল নিয়ে ওসিকে শুভেচ্ছা জানালেন পটিয়ার সংসদ সদস্য

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী ও খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ’র এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত

থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। সঙ্গে আনেন নানা স্বাদের মিষ্টিও। গত শুক্রবার চট্টগ্রাম নগরের খুলশী থানায় এ ঘটনা ঘটে।

খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিসহ বিষয়টি পোস্ট দেন। তবে পরে তিনি তা ডিলিট করে দেন।

ওই পোস্টে ওসি লিখেছিলেন, “তিনি চট্টগ্রামের পটিয়া আসন হতে নির্বাচিত সাংসদ (সংসদ সদস্য), তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়ায় কাজ করার সুবাদে কাছ থেকে এই নিরহংকার মানুষটিকে অবলোকন করেছি। একদম সাদামাটা যাপিত জীবনের অধিকারী। কথাকে বাস্তবে রূপ দিতে নিজের অবস্থান ভুলে আমাকে দেখতে চলে আসলেন খুলশী থানায়। সাথে নিয়ে আসলেন মিষ্টি ও ফুল, তারপর শুভেচ্ছা পর্ব। এই সরল মহৎপ্রাণ সাংসদের জন্য শুভকামনা, পটিয়ার জন্য শুভকামনা।”
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।

সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তার নির্বাচনী এলাকা পটিয়া। সংসদ সদস্য নির্বাচিত হয়ে নগরের একটি থানার ওসিকে ফুল দিতে যাওয়ার ঘটনায় অবাক হয়েছেন অনেকে।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ। তিনি বলেন, “বিষয়টি কোনও দোষের নয়। এতে কারও ফাঁসি হয়ে যাবে না। এখানে আইনের কোনও ব্যত্যয় দেখছি না।”

তবে নিজে ফুল ও মিষ্টি নিয়ে থানায় যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। গণমাধ্যমকে তিনি বলেন, “আমি নিজে যাইনি। ওসি আমাকে ফুল দিতে এসেছিলেন।”

এ সময় থানায় ফুল দেওয়ার ছবির বিষয়টি উল্লেখ করা হলে তিনি বলেন, “আমার দক্ষিণ খুলশীর বাসায় ওসি এসেছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights