গরুর ফসল খাওয়া নিয়ে হামলায় আহত ৩

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ গাজিপুর এলাকায় গরুর ফসল খাওয়া ও জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ২ ভাই ও এক বোন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ গাজিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো- পিরোজপুর সদর উপজেলা শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ গাজিপুর এলাকায় তৈয়ব আলী বিশ্বাসের ছেলে বায়জিদ বিশ্বাস (২২) ও নাসিম বিশ্বাস(১৭) এবং কন্যা তামান্না আক্তার (১৪)।

আহত বায়জিদ বিশ্বাস জানান, তাদের প্রতিবেশী ইলিয়াস বিশ্বাস ও সাকিল বিশ্বাসের সাথে তাদের বাড়ি জমি নিয়ে বিরোধ আছে। এ কারণে প্রায় সময় তাদের উপর নানা হুমকি দিয়ে আসছিলো তারা। শুক্রবার বিকেলে তাদের জমির ফসল প্রতিপক্ষের গরু খেয়ে ফেললে প্রতিবাদ করে তার বোন তামান্না আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে ইলিয়াস ও সাকিল লোক জন নিয়ে তামান্নাকে মারধর করে। পরে তাকে ও তার ভাই নাসিমকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. এ কে এম আসিফ জানান, আহতের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতের মধ্যে নাসিম বিশ্বাসের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights