গুরুতর আহত মিয়ানমারের ৪ বিজিপি সদস্য চমেকে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। তাদের মধ্যে গুরুতর আহত চার সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রাম এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের বর্তমান সীমান্তবর্তী পরিস্থিতির কারণে বেশ কিছু মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী সংঘর্ষের কারণে তাদের বেশ কিছু আহত বিজিপি সদস্যও বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। স্থানীয়ভাবে তাদেরকে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চার জনকে পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং মানবিক কারণে এই চার বিজিপি সদস্যকে উন্নত চিকিৎসার স্বার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত বিজিপি সদস্যদের নিরাপত্তার স্বার্থে চিকিৎসাকালীন সময়ে তারা বিজিবির প্রহরায় থাকবে।
অপর এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত বিজিপির ১১৩ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
