মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য। ৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক কাছে ইউপি সদস্যরা এ অভিযোগ দায়ের করেন। এ নিয়ে গত কয়েকদিন যাবত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত সরকারি, আধা- সরকারি (টিআর/কাবিখা) কাজে ১ শতাংশ, অন্যান্য প্রকল্পের কাজ না করে চেয়ারম্যান নিজে মনগড়া প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এছাড়া ইউপি সদস্যরা অভিযোগ উল্লেখ করেন, চেয়ারম্যান টিসিবির পুরো মালামাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে নিজে বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রি করেন এবং বাড়িতে নিয়ে যান। ইউপি সদস্যদের নিয়ে নিয়মিত মাসিক সভা করছেন না। ইউপি সদস্যরা অনিয়মের প্রতিবাদ করলে চেয়ারম্যান তাদের ওপর ক্ষিপ্ত হন।

ইউপি সদস্যদের অভিযোগ, চেয়ারম্যানের অনিয়মে ইউপি সচিবও সহযোগিতা করছেন। তবে ইউপি সচিব তার ওপর অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন।
ইউপি সদস্য মামুনুর রশীদ বলেন, ১ ফেব্রুয়ারি ইউনিয়নে টিসিবির মালামাল বিতরণ হচ্ছে শুনে আমিসহ অন্যান্য ইউপি সদস্যরা ইউনিয়নে উপস্থিত হয়ে দেখি পুরো মালামাল ডিলারের কাছে নেই। অবশিষ্ট মালামাল কোথায় জানতে চাইলে ডিলার বলেন এগুলো চেয়ারম্যানের বিষয় আপনাদের জানার অধিকার নেই। পরবর্তীতে বিষয়টি ইউপি সচিবকে অবগত করলে তিনি ইউনিয়নের অতিথি রুম থেকে ২ লিটার ওজনের ৩৬ বোতল সয়াবিন তেল, ২ কেজি ওজনের ৩৬ প্যাকেট ডাল ও কেজি ওজনের ৩৬ প্যাকেট চাল বের করে দেন। ডিলার বলেন, ইউপি চেয়ারম্যান এ মালামাল অতিথি রুমে রেখেছেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন বলেন, আমার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা।

জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম বলেন, অভিযোগের বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights