কর্মচারিকে আটকে রেখে খামারে মুরগি লুট
ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে খামারের কর্মচারিকে আটকে রেখে মুরগি লুটের ঘটনা ঘটেছে। উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামের একটি মুরগির খামারে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই খামারে মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে কয়েকজন যুবক প্রবেশ করে খামারের দায়িত্বে থাকে কর্মচারিদের কক্ষের বাইরে দরজায় হুক লাগিয়ে দিয়ে খামার থেকে মুরগি লুট করে নিয়ে যায়। খামারে থাকা ৪ হাজার মুরগির মধ্যে বেড়া ভেঙে প্রায় ৩ শতাধিক মুরগি গাড়িতে করে তারা লুট করে নিয়ে যায়।
খামারের কর্মচারি রায়হান ও হৃদয় জানায়, রাত পৌনে দুইটার দিকে কয়েকজন লোক এসে আমাদের কক্ষের বাইরে দরজা লাগিয়ে দেন। আমাদেরকে চুপ থাকতে বলে। আমরা আশপাশের লোকজন ডাকাডাকি করলে আমাদের ভয় দেখায়, মেরে ফেলার হুমকি দেয়। আমরা তখন আমাদের মালিক হামিদুল হককে ফোনে বিষয়টি জানাই। মালিক আসার আগেই আমাদের খামারের ৩ শতাধিক ব্রিডার মুরগি লুট করে তারা নিয়ে যায়।
খামারের পরিচালক হামিদুল হক বলেন, কর্মচারীদের ফোন পেয়ে খামারে গেলে দেখতে পাই খামারের ভেড়া ভাঙ্গা। আমাদের ৩ শতাধিক ব্রিডার মুরগি নিয়ে গেছে। মুরগিগুলোর বয়স ১৫ সপ্তাহ হয়েছে। দুসপ্তাহ পর থেকে ডিম দিত। বুধবার দুপুরে পুলিশ এসে তদন্ত করে গেছে। এ ব্যপারে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় জানান, খামার থেকে মুরগি নিয়ে যাওয়ার বিষয়টি জানার পর পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
