রংপুর কারাগারে হাজতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর কেন্দ্রীয় কারাগারে মনোয়ারুল ইসলাম (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে তার মৃত্যু হয়। ওই হাজতি স্ত্রীর দায়ের করা নারী শিশু নির্যাতন মামলার জেল হাজতে ছিলেন।
তার বাড়ি রংপুর জেলার গংগাচড়া উপজেলায়।
কারাগার সূত্রে জানাগেছে, হাজতি মনোয়ারুল ইসলাম স্ত্রীর দায়ের করা নারী শিশু নির্যাতন মামলায় গত ১৩ জানুয়ারি রংপুরের আদালতে জামিন আবেদন করলে, বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। তিনি ১৩ জানুয়ারি থেকে কারাগারে থাকা অবস্থায় এর আগে দুইবার অসুস্থ হয়ে মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হন। বৃহস্পতিবার সকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, হাজতির মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকের রিপোর্ট আমরা এখনও পাইনি। মৃতের লাশ ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
