চাষাবাদে সাড়া ফেলেছেন উচ্চশিক্ষিত সহোদর

আলপনা বেগম, নেত্রকোনা
উচ্চশিক্ষা গ্রহণ করে চাকরি না করে চাষাবাদ করে এলাকায় তাক লাগিয়েছেন দুই ভাই। নেত্রকোনার বারহাট্টার তরুণ এই কৃষি উদ্যোক্তাদের আধুনিকায়ন কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষি বিভাগও। শ্রমিক ছাড়া নিজেরাই শ্রম দিয়ে সারা বছর ঋতুভিত্তিক ফসল চাষে এনেছেন অভাবনীয় সাফল্য। বারহাট্টা উপজেলা সদরের পাড়াগড়মা এলাকার মো. আজাদ মিয়া উচ্চশিক্ষার জন্য ২০১৪ সালে মালয়েশিয়ায় যান।

করোনাকালে ২০২০ সালে নিজ গ্রামে ফিরে ছোট ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদ ইবনে হোসাইনকে নিয়ে শুরু করেন সবজি চাষ। নাম দেন খোরাক এগ্রো ফার্ম। দেশি-বিদেশি জাতের শাক জাতীয় সবজি আবাদে একের পর এক সফলতা আসায় আর পেছনে ফিরে তাকাতে হয়নি দুই ভাইকে।

আজাদ মিয়া জানান, মালয়েশিয়ায় তিনি বিভিন্ন রকমের সবজি চাষ দেখে উদ্বুদ্ধ হন। পরে সেগুলো নিজ গ্রামে চাষ করে এখন পুরোপুরি সফল। বর্তমানে ২০ থেকে ২৫ প্রজাতির দেশি-বিদেশি শাক সবজিসহ রঙিন ফুলকপি চাষ করছেন তিনি। যে কারণে সরকার এগিয়ে এসে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ১০ শতাংশ জমিতে পলিনেট হাউস প্রদর্শনী করে দেয়। দুই ভাই এলাকায় এখন স্থানীয়দের দেন নানা পরামর্শ।


এর সঙ্গে তারা পাখি ও গবাদি পশু পালন করছেন।

কোকোপিডের মাধ্যমে শতভাগ শিকড়যুক্ত, রোগমুক্ত শীতকালীন সব সবজি ও সবজির হাইব্রিড চারা উৎপাদন করে নিজেরাই বাজারজাত করেন। নির্ভেজাল সবজিসহ শতভাগ গুণগতমানের ও সঠিক উচ্চফলনশীল জাতের চারা কৃষকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার বারহাট্টা উপজেলায় মোট ১৫ হাজার ২৫০ হেক্টর জমিতে ৩৩ হাজার ২২১ জন কৃষক চাষাবাদ করেন। তার মধ্যে শুধু ৬৪০ হেক্টর জমিতে ৪ হাজার ৩০০ জন কৃষক সবজি আবাদ করেন।

বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, শিক্ষিত তরুণদের নতুন টেকনোলজির প্রতি আকৃষ্ট হতে দেখে আমরাও সরকারের মূল উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছি। নানা প্রণোদনার পাশাপাশি কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। কৃষিতে বাণিজ্যিকীকরণে তরুণ উদ্যোক্তাদের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আধুনিক কৃষিতে তাদের সাফল্য দেখে অনেকে আগ্রহী হচ্ছেন। ভবিষ্যতে নেত্রকোনার বারহাট্টা কৃষি বিপ্লবের হাব হিসেবে পরিচিতি লাভ করবে বলেও মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights