নোয়াখালীতে মা-মেয়েসহ ৩ জনকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ঘরে ঢুকে মা-মেয়ে ও শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে জখম ও হত্যার চেষ্টার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার ভোর রাতে ঘটনার সাথে জড়িত ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার মূল হোতা সাবেক স্বামী চট্টগ্রামে পালিয়ে গেছে।
গুরুত্বর আহত ৩ জন ঢাকায় চিকিৎসাধীন আছেন। ঘটনাটি শুক্রবার ভোরে সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের ফাতেমার নতুন বাড়িতে। সাবেক স্বামীর সাথে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটছে বলে স্থানীয়দের ধারনা।
ঘটনার পর পরই অভিযুক্ত আমির হোসেন (৫০) পালিয়ে যায়। সে জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের এতিম আলী জমাদার বাড়ির সফি উল্যার ছেলে।
আহতরা হলেন, সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী মাফিয়া বেগম (৬০) তার মেয়ে ফাতেমা বেগম (৩৮) ও নাতনী রাবেয়া আক্তার (১৮)।
এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
