জবি ছাত্রলীগের সংঘর্ষের মামলার তদন্ত প্রতিবেদন ২১ মার্চ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সূত্রাপুর থানার উপ-পরিদর্শক গজেন্দ্র এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান মামলা দুটির এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ আদেশ দিয়েছেন।

এর আগে, গত শুক্রবার সূত্রাপুর থানায় পালটাপালটি দুটি মামলা দায়ের করেন দুই পক্ষ। এর মধ্যে একটি মামলা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজির অনুসারী নৃবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি আবিদ ইশরাক নিলয়। তিনি মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের অনুসারী ৯ নেতাকর্মীকে আসামি করেন।
আসামিরা হলেন- অর্থনীতি বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মুকিত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব তালুকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জয় সরকার অর্জুন, নিরব, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের হৃদয় রানা, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের আরাফাত, অপু সাহা, সাজিদ ও প্রাণিবিদ্যা বিভাগের সোহান। এছাড়া অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের অনুসারী মাহমুদুর রহমান বাদী হয়ে সভাপতির অনুসারী ৭ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এ মামলার আসামিরা হলেন- নৃবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত ঘোষ, সাংগঠনিক সম্পাদক মায়েল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য পারিজাত বিশ্বাস, ছাত্রলীগের কর্মী নৃবিজ্ঞান বিভাগের গাজী শামসুল হুদা, রাহুল আমিন, রিয়াদ আফ্রিদি ও ইতিহাস বিভাগের চয়েন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights